০১/০৯/২০২৬ · ৪ মিনিট পড়া
Joint Account মানেই joint Criminal Liability নয়।
একটি যৌথ ব্যাংক হিসাবের (Joint Account) মালিক হলেই কি চেক ডিজঅনার মামলায় ফৌজদারি দায় সৃষ্টি হয়?
শুধু কোনো ব্যাংক হিসাবের যৌথ হিসাবধারী (Joint Account Holder) হওয়া এবং সেই হিসাব থেকে অন্য একজনের স্বাক্ষরে চেক ইস্যু হওয়ার কারণে প্রত্যেক যৌথ হিসাবধারীকে Negotiable Instruments Act, 1881-এর ধারা ১৩৮-এর অধীনে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যায় না।
ধারা ১৩৮-এর ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারায় দায় সৃষ্টি হয় সেই ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজে চেকটি হিসাব থেকে অর্থ পরিশোধের জন্য draw করেছেন এবং পরবর্তীতে চেকটি নির্ধারিত কারণে dishonour হয়েছে। অর্থাৎ, চেকের dishonour-এর ফৌজদারি দায় মূলত চেকের drawer-এর ব্যক্তিগত দায়। আদালতও স্পষ্ট করেছেন যে, এই ধারায় ব্যবহৃত “such person” বলতে সেই ব্যক্তিকেই বোঝানো হয়েছে, যিনি চেকটি draw করেছেন। এখানে একটি মৌলিক বিষয় মনে রাখা জরুরি—ফৌজদারি আইনে vicarious criminal liability বা একজনের কাজের জন্য অন্যজনকে দায়ী করা সাধারণ নিয়ম নয়। কোনো ব্যক্তিকে কেবল তার সঙ্গে সম্পর্ক, যৌথ মালিকানা বা যৌথ হিসাবের অবস্থানের কারণে ফৌজদারি দায়ে যুক্ত করতে হলে সংশ্লিষ্ট আইনে তার স্পষ্ট statutory basis থাকতে হবে। ধারা ১৩৮-এ এমন কোনো বিধান নেই, যা কেবল Joint Account Holder হওয়ার কারণে একজনকে অন্য Joint Account Holder-এর dishonoured cheque-এর জন্য দায়ী করে।
বরং একই আইনের ধারা ১৪০-তে কোম্পানির ক্ষেত্রে vicarious liability-এর একটি নির্দিষ্ট বিধান রাখা হয়েছে। কোম্পানি যদি ধারা ১৩৮-এর অপরাধ করে, তাহলে নির্দিষ্ট পরিস্থিতিতে কোম্পানির ব্যবসা পরিচালনার জন্য দায়ী কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়ী করা যেতে পারে। কিন্তু আদালতের যুক্তি হলো—কোম্পানির ক্ষেত্রে আইন যেখানে বিশেষভাবে vicarious liability সৃষ্টি করেছে, সেই বিধানকে ইচ্ছামতো একটি সাধারণ Joint Account-এর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। সহজ ভাষায় বিষয়টি কী?
ধরা যাক, স্বামী-স্ত্রীর একটি Joint Account আছে। সেই হিসাব থেকে স্বামী নিজের স্বাক্ষরে ৫,৯০,০০০ টাকার একটি চেক দিলেন। চেকটি dishonour হলো। এখন শুধু এই কারণে যে স্ত্রীও ওই হিসাবের Joint Account Holder—তাকে কি স্বামীর চেকের জন্য ধারা ১৩৮-এর আসামি করা যাবে?
এই রায়ের আলোকে উত্তর হলো—শুধু Joint Account Holder হওয়ার কারণে নয়।
বিশেষ করে, যদি তিনি চেকটি draw, sign বা issue না করে থাকেন, তাহলে কেবল Joint Account Holder হিসেবে তার বিরুদ্ধে ধারা ১৩৮-এর ফৌজদারি দায় আরোপ করা যায় না। আদালত এমন পরিস্থিতিতে একজন Joint Account Holder-এর ওপর vicarious liability আরোপের সুযোগ প্রত্যাখ্যান করেছেন।
এটি একটি গুরুত্বপূর্ণ practical protection। কারণ অনেক সময় একজন ব্যক্তি ব্যাংক হিসাবের যৌথ মালিক হলেও হিসাবটি পরিচালনা করেন অন্য Joint Account Holder। কোনো কারণে সেই ব্যক্তি একটি চেক ইস্যু করলেন এবং চেকটি dishonour হলো—তখন শুধু ব্যাংক হিসাবের কাগজে নাম থাকার কারণে অন্য ব্যক্তিকেও ফৌজদারি মামলায় টেনে আনা যায় কি না, সেটিই হয়ে দাঁড়ায় গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তবে এর অর্থ এই নয় যে Joint Account Holder-এর বিরুদ্ধে কোনো পরিস্থিতিতেই মামলা হতে পারে না। এই রায়ের সিদ্ধান্তের ভিত্তি হলো—তিনি চেকটি draw, sign বা issue করেননি এবং তার বিরুদ্ধে এমন কোনো নির্দিষ্ট ভূমিকার অভিযোগও নেই, যা ধারা ১৩৮-এর অপরাধের উপাদান পূরণ করে। তাই প্রতিটি মামলায় চেকটি কে স্বাক্ষর করেছেন, কে ইস্যু করেছেন, অভিযোগে কার বিরুদ্ধে কী নির্দিষ্ট ভূমিকা বলা হয়েছে এবং সংশ্লিষ্ট statutory requirements পূরণ হয়েছে কি না—এসব বিষয় পরীক্ষা করা অপরিহার্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ব্যক্তিকে ধারা ১৩৮-এর মামলায় যুক্ত করা হয়েছে বলেই যে তার বিরুদ্ধে মামলা চলতেই থাকবে—তা নয়। যদি অভিযোগের বক্তব্য সত্য ধরে নিলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ধারা ১৩৮-এর অপরাধের মৌলিক উপাদানই প্রতিষ্ঠিত না হয়, তাহলে High Court Division-এর 561A ধারার অধীনে আদালতের প্রক্রিয়ার অপব্যবহার (abuse of the process of the Court) প্রতিরোধের প্রশ্ন উঠতে পারে। এই মামলায় আদালত ঠিক সেই ভিত্তিতেই petitioner-এর বিরুদ্ধে চলমান proceedings quash করেছেন।
অতএব, কোনো Joint Account Holder চেক ডিজঅনার মামলায় আসামি হলে শুধু “আমি Joint Account Holder” বা “আমি চেক সই করিনি”—এটুকু বলাই যথেষ্ট নয়; মামলার complaint, cheque, bank record, signature, account operation এবং অভিযোগে বর্ণিত factual involvement—সবকিছু একসঙ্গে বিচার করতে হয়। কারণ ধারা ১৩৮-এর মামলা কেবল একটি টাকা-পাওনার বিরোধ নয়; এটি একটি নির্দিষ্ট statutory offence, যার প্রতিটি অপরিহার্য শর্ত পূরণ হয়েছে কি না, সেটিই ফৌজদারি দায়ের ভিত্তি। এই নীতির একটি গুরুত্বপূর্ণ নজির হলো Rouson Ara Mia vs. The State and another, Criminal Miscellaneous Case No. 27569 of 2023, judgment dated 30.04.2026. মামলাটিতে স্বামী-স্ত্রীর Joint Account থেকে স্বামী চেকটি draw ও sign করেছিলেন; স্ত্রী চেকটি draw বা sign করেননি। High Court Division সিদ্ধান্ত দেন যে, কেবল Joint Account Holder হওয়ার কারণে স্ত্রীর বিরুদ্ধে ধারা ১৩৮-এর দায় সৃষ্টি হয় না এবং তার বিরুদ্ধে চলমান proceedings আদালতের প্রক্রিয়ার অপব্যবহার হওয়ায় তা quash করা হয়। একই সঙ্গে co-accused-এর বিরুদ্ধে proceedings আইন অনুযায়ী চলার নির্দেশ দেওয়া হয়। Joint Account মানেই Joint Criminal Liability নয়। চেক কে draw ও sign করেছেন—ধারা ১৩৮-এর দায় নির্ধারণে সেটিই মৌলিক প্রশ্ন।